বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। রোববার (২৮ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দেন।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগঠনের সব নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা জানানো হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
১. ১ জানুয়ারি সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
২. সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত।
৩. দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি।
৪. দুপুর ২টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ফার্মগেটে আলোচনা সভা।
৫. সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি।
৬. দেশব্যাপী ছাত্রদলের শহীদদের কবর জিয়ারত এবং গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের ঐতিহ্য, সংগ্রাম ও রাজনৈতিক অঙ্গীকার নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।





