নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলো আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের বাবা আবুল কাশেমের পৈতৃক বাড়ি থেকে পাওয়া যায়। তবে বাড়িটি বর্তমানে পরিত্যক্ত রয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. স্বপন (৪০), শামসুল হক ব্যাপারীর ছেলে আবদুল মতিন (৪৫), শুকুর আলীর ছেলে রিন্টু মিয়া (৫১), এরশাদের ছেলে মো. জাকির (৩০) ও কানাই মিয়ার ছেলে মো. জনি (১৯)।
অভিযান শেষে বিকেলে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চবিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবম পদাতিক ডিভিশনের ৪৫ এমএলআরএস-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যোবায়ের আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪০ জন সেনাসদস্য ও ১০ জন পুলিশ সদস্য অংশ নেন।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের ১০ রাউন্ড গুলি ও পাঁচটি শটগানের গুলি। এ ছাড়া আটটি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, চায়নিজ কুড়াল, ইলেকট্রিক শটগান, মাদক, ১০ লাখ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।





