সাতক্ষীরায় প্রকাশ্য দিবালোকে এক নারীকে চেতনানাশক স্প্রে করে তিনটি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুলের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিমা রায় (৪৯) শহরের খান মার্কেটের গহনা শিল্পী শেখর রায়ের স্ত্রী। যশোরের অভয়নগর উপজেলার বাশুড়ী গ্রামের বাসিন্দা হলেও তিনি বর্তমানে সাতক্ষীরা শহরের কামাননগর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
সিমা রায় জানান, সকালে বাসা থেকে সুলতানপুর বড়বাজারের উদ্দেশে বের হন। বড়বাজারের ভ্যারাইটি স্টোরের সামনে দিয়ে দিবা-নৈশ কলেজের দিকে যাওয়ার সময় দুই যুবক তাকে অনুসরণ করতে থাকে। সুশীল ময়রার দোকানের সামনে পৌঁছালে তাদের একজন পিছন দিক থেকে তার ঘাড়ে হাত রেখে নাকের কাছে কিছু স্প্রে করে। মুহূর্তেই তিনি মাথা ঘুরে অচেতন হয়ে পড়েন।
পরে দুর্বৃত্তরা তাকে টেনে পিএন হাইস্কুলের পাশের সেলুনসংলগ্ন গলিতে নিয়ে যায়। সেখানে তার গলা ও হাতে থাকা সোনার চেইন, কানের দুল এবং সোনার বাঁধানো দুটি শাখা খুলে নেয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। ভুক্তভোগীর দাবি, ছিনতাই হওয়া মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকা।
চেতনা ফেরার পর দুর্বৃত্তরা তাকে একটি লবণের প্যাকেট হাতে দিয়ে ‘সাহা সুইটস’-এ দিয়ে আসার কথা বলে সরে পড়ে। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেন, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্বাস আলী বলেন, “ঘটনাস্থল এলাকার বিভিন্ন দোকান ও ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।”





