চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলে করে ভারতে পাচারের সময় প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের তিনটি সোনার বারসহ মাহাবুল হোসেন (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।
আটক মাহাবুল হোসেন জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে,বেনীপুর ক্যাম্পের বিওপির সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল জীবননগর উপজেলার যাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা সড়কে এই অভিযানটি চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে মো. মাহাবুল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের তিনটি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।
মহেশপুর ব্যাটেলিয়ন(৫৮ বিজিবি)সহকারি পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান,আটক আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার সোনা চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





