চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আলীকে (৪০) কে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (২১ জুন) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস স্ট্যান্ড পাড়ার এতিমখানা রোডের মো আবুল হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি) এর নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল,  একটি ম্যাগাজিন, একটি এ্যামুনিশন, একটি এন্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।