চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেললাইনে পরীক্ষামূলক প্রস্তুতির সময় একটি ট্রেনের ধাক্কায় ১১ জন রেল রক্ষণাবেক্ষণ কর্মী নিহত এবং দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া এই ঘটনা প্রকাশ করেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প সংক্রান্ত যন্ত্রপাতি পরীক্ষা করার জন্য ট্রেনটি ব্যবহার করা হয়েছিল। ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের লুয়োইয়াংঝেন স্টেশনে একটি বাঁকানো রেলপথ অতিক্রম করার সময় ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে রক্ষণাবেক্ষণ কর্মীদের ওপর ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১১ জন নিহত হন, আর দুইজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।


দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছে। যদিও ট্রেন চলাচল ইতিমধ্যেই স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।


চীনের রেল নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তমগুলোর মধ্যে একটি, এবং সাম্প্রতিক বছরগুলোতে এখানে কিছু প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। তবে গত এক দশকে এই ধরনের দুর্ঘটনার হার কমেছে।


এর আগে ২০২২ সালে গুইঝৌ প্রদেশে ভূমিধসের ধ্বংসাবশেষে ধাক্কা লেগে একটি ট্রেন লাইনচ্যুত হয়; ওই ঘটনায় একজন কন্ডাক্টর নিহত এবং আটজন আহত হন। ২০২০ সালে হুনান প্রদেশে আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে একজন নিহত এবং ১২৭ জন আহত হয়।


\r\n\r\n\r\n\r\n\r\n

চীনের সর্বশেষ বড় ট্রেন দুর্ঘটনা ২০১১ সালে ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোতে ঘটে, যেখানে একটি উচ্চগতির ট্রেন স্থির অবস্থায় থাকা আরেকটি লোকোমোটিভ ট্রেনে ধাক্কা মারে। ওই ঘটনায় ৪০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হন। এর আগে ২০০৮ সালে শানডং প্রদেশের জিবোতে দুই ট্রেনের সংঘর্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছিল।