চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল চীনে সফরে গেছে। শনিবার (২৪ মে) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি বেইজিংয়ের উদ্দেশে রওনা দেয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
\r\n‘প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সংলাপ’ শীর্ষক এ সম্মেলনটি ২৫ ও ২৬ মে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং উত্তর-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
\r\nবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ প্রতিনিধি দলে রয়েছেন।
\r\nসম্মেলন শেষে প্রতিনিধি দলটি আগামী ৩১ মে পর্যন্ত চীনের বেইজিং এবং ইউনান প্রদেশ সফর করবেন। সফরকালে তারা চীনা আধুনিকায়নের বিভিন্ন দিক, বিশেষ করে সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন কৌশল ঘনিষ্ঠভাবে পরিদর্শন করার সুযোগ পাবেন।
\r\nউল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দলের একটি যৌথ প্রতিনিধি দল চীন সফর করে। সে সফরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতৃত্ব দেন।





