চিলমারী উপজেলা প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,
জেলার সকল সমস্যার সমাধান একসাথে করা সম্ভব নয়। ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে সবাইকে নিজ নিজ কাজ করতে হবে। উন্নয়ন ও সুস্থ সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বাল্যবিয়ে, মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলার আমির অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, চিলমারী মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসাইন, ঢুষমারা থানার ওসি এম.আর. সাঈদ, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, খেলাফত মজলিসের সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা ইয়ার আলী, সাংবাদিক হুমায়ুন কবির, শাওরাত সোহেল এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুর রহিম সরকার প্রমুখ।
বক্তারা চিলমারীর সামগ্রিক সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভা শেষে সকল পক্ষ চিলমারীর উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





