চিলমারী উপজেলা প্রতিনিধি : চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের শরিফেরহাট চৌরাস্তা মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা জামায়াত মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিলবোর্ড খুঁটিসহ উপড়ে ফেলে দিয়েছে। একইসঙ্গে পাত্রখাতা এলাকার আরেকটি বিলবোর্ড ছিঁড়ে ফেলার ঘটনাও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নির্বাচনী মাঠে যখন প্রচারণার গতি বাড়ছে, ঠিক সেই সময় এমন ঘটনা এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বাড়িয়ে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের ন্যাক্কারজনক কাজ করা হয়েছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত—তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ বাড়ছে।
সচেতন মহল মনে করছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পাশাপাশি সকল রাজনৈতিক কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে এলাকাবাসী।





