একুশে পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘একুশে পদক-২০২৬’ বিজয়ীদের হাতে এই পদক তুলে দেন।
দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাসহ বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের হাতে পদক, সম্মাননা সনদ এবং নির্ধারিত অর্থমূল্য তুলে দেন সরকারপ্রধান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের মনোনীত পদকপ্রাপ্তদের মধ্যে অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম এবং সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু পদক পেয়েছেন। নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার এই সম্মাননা লাভ করেন।
এছাড়া সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং সংগীত ক্ষেত্রে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকেও একুশে পদক প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সমাবেশ অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।





