চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে রাজস্ব আদায় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.৫৪ শতাংশ বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় হয়েছে এক লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা।

গত বছর এই সময়ে জুলাইয়ের অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছিল। সেই পরিস্থিতির মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় হয়েছিল এক লাখ তিন হাজার ৪০৯ কোটি টাকা।

নতুন হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশে। তবে লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআর এখনও পিছিয়ে আছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল এক লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা।

সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে, যেখানে আদায় হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪ দশমিক ৭৮ শতাংশ।
আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৬ দশমিক ১১ শতাংশ বেশি।
মদানি ও রপ্তানি খাতে একই সময়ে আদায় দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা; প্রবৃদ্ধি ৪ দশমিক ৫৩ শতাংশ।

গত ২০২৪-২৫ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, যার প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ২৩ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে এনবিআরের লক্ষ্য ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহের লক্ষ্য ৬৫ হাজার কোটি টাকা।