ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতিকে টিকিয়ে রাখতে নাও চাইতে পারেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার (৩১ ডিসেম্বর) প্রতিবেদনে নেতানিয়াহুর এই অনাগ্রহের চারটি সম্ভাব্য কারণ তুলে ধরেছে।

প্রথমত, তার ডানপন্থি জোটের চাপ। যুদ্ধকালীন কট্টরপন্থি মন্ত্রীরা যুদ্ধবিরতির বিরোধিতা করছেন এবং গাজা দখলের পক্ষে অবস্থান নিয়েছেন। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতারা ইতিমধ্যেই বারবার যুদ্ধবিরতিতে অনাগ্রহ প্রকাশ করেছেন।

দ্বিতীয়ত, গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন হলে ইসরায়েলের সামরিক স্বাধীনতা সীমিত হবে। এতে ভবিষ্যতে লক্ষ্যভিত্তিক হামলা চালানো বা হামাসের অবশিষ্ট শক্তির বিরুদ্ধে অভিযান কঠিন হয়ে যাবে।

তৃতীয়ত, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী এবং নতুন বসতি স্থাপন ও পূর্ব জেরুজালেমের নিয়ন্ত্রণ ইসরায়েলের পক্ষের রাজনৈতিক পরিকল্পনার অংশ।

চতুর্থত, নতুন যুদ্ধ তার রাজনৈতিক অবস্থান শক্ত করতে পারে। দুর্নীতি মামলা ও অন্যান্য বিতর্ক নিয়ে জনরোষ থাকলেও নতুন সামরিক অভিযানে তাকে ‘যুদ্ধকালীন নেতা’ হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হবে, যা নির্বাচনী বছরকে সামনে রেখে সমালোচনা দমন করতে সহায়ক হবে।

এই চারটি কারণ মিলিয়ে দেখা যাচ্ছে, নেতানিয়াহু সম্ভাব্য সুবিধাজনক সময়ে আবারও হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথ রাখতে যুদ্ধবিরতিতে অনাগ্রহী থাকতে পারেন।