(কুমিল্লা প্রতিনিধি)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন।
সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত কুমিল্লা–৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা এখন সময়ের দাবি। ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।”
প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আগামী নির্বাচনে জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে আমরা ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনীতি উপহার দিতে পারব।”
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।





