চব্বিশের জুলাই–আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।


সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে।


আদালত হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের, গ্রেপ্তার চারজন—শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেনকে চার বছরের এবং কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


মামলার প্রসিকিউশনে নেতৃত্ব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। গ্রেপ্তার চার আসামির পক্ষে আইনজীবী ছিলেন মো. জিয়াউর রশিদ, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন কুতুবউদ্দিন আহমেদ।


২০১৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া নিহত হন। এই হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণে শহীদদের পরিবারসহ মোট ২৬ জনের বক্তব্য নেওয়া হয়।