চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নতুন একটি প্যানেল ঘোষণা করা হয়েছে, যার নাম ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের সমন্বয়ে গঠিত এ প্যানেলের ঘোষণা দেওয়া হয় শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায়, ক্যাম্পাসের কলার ঝুপড়ির সামনে।


\r\n

ঘোষণার সময় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন বলেন, এখনো নির্বাচনী পরিবেশ অনিশ্চিত রয়ে গেছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে। এই অবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তারা মনে করছেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন।


\r\n

ঘোষিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তামজিদ উদ্দিন, যিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের শাখা আহ্বায়ক। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব মাহামুদ রুমি। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের শাখা সদস্য সচিব মো. রোমান রহমান।


\r\n

নির্বাচনে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে সুষ্ঠু পরিবেশ দাবি করে প্যানেলটি বলেন, তারা বিশ্বাস করেন, চাকসু হবে সকল শিক্ষার্থীর অভিন্ন প্রতিনিধিত্বের জায়গা, যেখানে মতভেদ নয়, থাকবে যৌথ লক্ষ্য ও সম্মানজনক অংশগ্রহণ।


প্যানেলে যারা আছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক : মো. সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক : মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক : দেওয়ান আব্দুর, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক : সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক : তৌহিদুল ইসলাম (সাঈদ), সহ-দপ্তর সম্পাদক : শাফিন রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক: সানজিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : মাজহারুল ইসলাম, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক : তৌহিদুল ইসলাম (সুহান), সমাজসেবা ও পরিবেশ সম্পাদক : মেহেদী হাসান, স্বাস্থ্য সম্পাদক : জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক : জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : নাজমুস সাদাত, মো. সায়েম, যোগাযোগ ও আবাসন সম্পাদক : মো. নাজমুছ ছাকিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক : রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক : ইয়াছিন আরাফাত, পাঠাগার সম্পাদক : মো. মারুফ, নির্বাহী সদস্য : মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান, সালমান মাহাম্মদ সজিব।