চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল অংশ নেবে কিনা তা এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এবং নিরপেক্ষতা বজায় থাকবে কি না তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের অধীনে কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমরা সন্দিহান। এই প্রশাসনের অধীনে নির্বাচনে অংশ নেওয়া এখন ভেবে দেখার বিষয়।”
ঢাকা পোস্টকে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার করা প্রয়োজন। রেজিস্ট্রার, প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব পরিবর্তন করে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত। বিএনপিপন্থী শিক্ষকদের নয়, একদম নিরপেক্ষদের দায়িত্ব দেওয়া হোক।”
চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন জমা নেওয়া শুরু ১৫ সেপ্টেম্বর এবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
\r\n\r\n\r\n\r\n
উল্লেখ্য, ছাত্রদল দীর্ঘদিন ধরে চবি প্রশাসনের ‘দলান্ধতা’ ও অন্য অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। সম্প্রতি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রক্টরের পদত্যাগের দাবিতেও আন্দোলন করেছে তারা।





