চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলী তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার তিনি শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
ড. কেরামত আলী এ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে দলীয় নেতা–কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে ড. কেরামত আলী বলেন, তিনি ন্যায়বিচার, সুশাসন ও জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন। জনগণের দোয়া ও সমর্থন পেলে শিবগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ–১ আসনটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে।





