চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজের সময় পাশের একটি বাড়ির দেওয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ড্রেন নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করার সময় হঠাৎ দেওয়াল ধসে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।





