চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী হারুনুর রশীদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পাঠানপাড়া দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ১৯ দফা সম্বলিত স্থানীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, নারী নিরাপত্তা ও সম্মান বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন এবং যুব ও ক্রীড়া খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা প্রদানের বিষয়টিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া কৃষি আধুনিকায়ন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ, পরিবেশ সুরক্ষা এবং সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন খাতের উন্নয়নও ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হারুনুর রশীদ বলেন, স্থানীয় জনগণের দৈনন্দিন চাহিদা, অধিকার ও ভবিষ্যৎ সম্ভাবনার আলোকে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। তার লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা।
তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে জয়ী হবেন। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





