চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৯টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামে অবস্থিত একটি আমবাগানে অভিযান চালায়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ব্যবহৃত ২৯টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।