চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কেজি গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদস্যরা। গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি।
আটককৃত নয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর এলাকার বেলপাড়া গ্রামের বাবুল হকের ছেলে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিশেষ তথ্যের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই গ্রামের মো. মামুন এর বাড়ি থেকে ২.৩ কেজি গানপাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মামুনকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তার সহযোগী মো. নয়ন (৩৫) পালিয়ে যায়।
উদ্ধারকৃত গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ আটককৃত মামুন এবং পলাতক নয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জামসহ মামুন নামের একজনকে আটক করেছে বিজিবি। কিন্ত তার আপন ভাই নয়ন পলাতক রয়েছে। এই বিষয়ে দুইভাই মামুন ও নয়নের নামে মামলা দায়েরের প্রস্ততি চলছে।





