পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ বোঝাই ট্রলার ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর উপ-খাদ্য পরিদর্শক মো. অলিউল্লাহ অলি সাময়িক বরখাস্ত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাউফল থানা থেকে প্রাপ্ত চিঠির ভিত্তিতে ২৭ মার্চ জেলা খাদ্য নিয়ন্ত্রকের স্বাক্ষরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযুক্ত অলিউল্লাহ অলি মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা।
মামলার তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর দিয়ারাকচুয়া এলাকায় কয়েকজন কৃষক তরমুজ চাষ করেন। অভিযোগ রয়েছে, ওই জমির মালিকানা দাবি করে অলিউল্লাহ কৃষকদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
গত ১৬ মার্চ কৃষকরা তরমুজ ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিলে অলিউল্লাহর নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে দুটি ট্রলার ছিনিয়ে নেয়। পরে ১০ হাজার টাকার বিনিময়ে একটি ট্রলার ফেরত দেওয়া হলেও অন্যটি আটকে রাখা হয় বলে অভিযোগ।
এ ঘটনায় ভুক্তভোগী এক কৃষক বাউফল থানায় অলিউল্লাহকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।





