পাবনার ঈশ্বরদীতে চাঁদার টাকা না দেওয়ায় এক কৃষকের প্রায় ৫ লাখ টাকার গাজর লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সহযোগী সংগঠন যুবদলের কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, রবিবার বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. আশিস (৩০) ও একই এলাকার মো. পলাশ (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কৃষক মো. শরিফুল ইসলাম লিজকৃত জমিতে গাজর চাষ করেন। অভিযুক্তরা তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে ভয়ে কৃষক প্রথমে ২৫ হাজার টাকা দেন।
পরবর্তীতে চাঁদার বাকি টাকা না দেওয়ায় ৩ ফেব্রুয়ারি রাতে দেড় বিঘা জমি থেকে প্রায় ৩০০ মণ এবং ১৭ ফেব্রুয়ারি রাতে আরও ৩৫০ মণ গাজর লুট করা হয়। লুট হওয়া গাজরের মোট বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ঈশ্বরদী উপজেলা থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।





