নোয়াখালীর হাতিয়ায় চাঁদা না দেওয়ার জেরে এক ব্যবসায়ীর কবজি কেটে দেওয়ার অভিযোগে বিএনপি কর্মী মো. ফারুক উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ফারুক হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের পশ্চিম রসুলপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েন।

পুলিশ জানায়, গত ২৮ মে রাত ১১টার দিকে হাতিয়া বাজার এলাকায় নবীর উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন ফারুক। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি নবীর ডান হাতের কবজি কেটে দেন। এতে হাতের অধিকাংশ রগ কেটে বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা হয়।

ভুক্তভোগীর ছেলে মো. আবু ছায়েদ জানান, ঈদুল আজহার পশুর হাটে দোকানের সামনে গরু বিক্রির জায়গা দেওয়াকে কেন্দ্র করে ফারুক তার বাবার কাছে টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তিনি বাবাকে হত্যার হুমকি দেন এবং পরে সঙ্গীদের নিয়ে হামলা চালান।

এ ঘটনায় মামলা দায়েরের পর তিন মাস ধরে পলাতক ছিলেন ফারুক। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করে।

হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন বলেন, “ফারুক বিএনপি করে, তবে কোনো পদে নেই। ঘটনাটিতে ইজারাদারেরও কিছু দায় আছে। তারপরও আমরা চাই ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাক।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, আদালত ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।