বাংলাদেশের আকাশে বুধবার (২৮ মে) সন্ধ্যায় হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ভিত্তিতে আগামী ৭ জুন শনিবার সারাদেশে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

\r\n

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

\r\n

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের শাখা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

\r\n

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার ঘোষণা দেয়, দেশটির আকাশে চাঁদ দেখা যাওয়ায় ৬ জুন সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে এবং ৫ জুন আরাফাত দিবস পালিত হবে।

\r\n

ঈদুল আজহা উপলক্ষে সরকার ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে অফিস করতে হবে ১৭ ও ২৪ মে, এই শর্তে ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে ৫ জুন (বুধবার) থেকে শুরু করে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত সরকারি-বেসরকারি কর্মজীবীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

\r\n

ঈদুল আজহা মুসলমানদের জন্য ত্যাগের প্রতীক। এ দিন তারা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করে থাকেন। হজ পালনের অংশ হিসেবে পবিত্র আরাফাত দিবস ও কুরবানির সঙ্গে সম্পৃক্ত এ উৎসব বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।