চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে একটি মসজিদের পুনর্নির্মাণ কাজকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় এক শারীরিক প্রতিবন্ধীসহ চারজন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর আইচা মোড় মেইন সড়কের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—এক পা হারানো শারীরিক প্রতিবন্ধী মো. কামরুল ইসলাম (৩৯), মো. মেহেদী হাসান (১৯), মো. মামুন (৩৫) ও মোরশেদা বেগম (৩২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উত্তর আইচা মোড়ে বেপারি বাড়ি পাঞ্জেখানা মসজিদটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সেখানে নিয়মিত নামাজ আদায় করে আসছেন মুসল্লীরা। চলতি বছরের বর্ষায় মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়ে হেলে পড়লে তা পুনর্নির্মাণের উদ্যোগ নেন এলাকাবাসী।
আহত কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, মসজিদটি ভেঙে সেখানে দোকানঘর নির্মাণের উদ্দেশ্যে প্রতিবেশী আব্দুর রব বেপারী ও তার সহযোগীরা বাধা দিয়ে আসছিলেন। শনিবার সকালে মুসল্লীদের সিদ্ধান্ত অনুযায়ী মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হলে তারা অতর্কিত হামলা চালান। তাকে রক্ষা করতে গেলে পরিবারের আরও তিনজন আহত হন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আব্দুর রব বেপারী (৮৫), সানাউল্লাহ (৩৫), জাকির হোসেন (৪০), ইমাম হোসেন (৩৫), ইউসুফ (৩২)সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।
অভিযুক্ত আব্দুর রব বেপারীকে পাওয়া না গেলেও তার ছেলে ইমাম হোসেন দাবি করেন, মসজিদ নির্মাণ নিয়ে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার কথা ছিল। বিচার শেষ হওয়ার আগেই কাজ শুরু করায় সেখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে এলাকায় মুসল্লী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শশীভূষণ থানার ওসি ফকরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





