চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাহাদুর শাহ পার্ক এলাকা ঘুরে রায়সাহেব বাজার প্রদক্ষিণ শেষে কলেজের মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেখানে গুপ্ত রাজনীতি ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধের আড়ালে গোপনে রাজনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, এসব কার্যক্রম শিক্ষাঙ্গনের পরিবেশকে অস্থিতিশীল করছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে সহিংসতা বা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতিরোধ করা হবে।