চট্টগ্রামে হাত–পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিং রোডসংলগ্ন সাগরতীর কাশবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো নিশ্চিত হওয়া যায়নি এটি হত্যা নাকি আত্মহত্যা।
নিহত শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছিলেন। শামীমের গ্রামের বাড়ি বরিশাল হলেও তিনি চট্টগ্রামের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, স্থানীয়রা প্রথমে সাগরতীর কাশবনের ভেতরে শামীমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত দুইটার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, শামীমের দুই হাত ও পায়ের রগ কাটা ছিল। দুপুরে তিনি একটি ফোন কল পান এবং চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন বলে বাসা থেকে বের হন, তবে মোবাইল ফোনটি বাসায় রেখে যান। পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ড, আত্মহত্যা বা অন্য কোনো কারণ খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পরিবারও এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি।





