ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারের রেলক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে।

বগি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার পর বিকট শব্দে ‘চ’ বগিটি রেলপথ থেকে লাইনচ্যুত হয়।

তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ার কারণ এখনও তদন্ত সাপেক্ষে বলা যাবে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।