চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার এ ঘটনা ঘটে। ঘটনার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলেজ ক্যাম্পাসের একটি ভবনে থাকা ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখাটি পরিবর্তন করে ‘ছাত্র’ শব্দের জায়গায় ‘গুপ্ত’ লেখা হয়। বিষয়টি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জের ধরে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়।
সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্টের জেরে শিবিরের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তাদের চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালালে তাদের পাঁচজন আহত হন।
কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনার মধ্যেই কলেজে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।





