চট্টগ্রাম বন্দর বিদেশি কোনো কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী ও অদূরদর্শী বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এ ধরনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
\r\nবৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পরিষদের সভায় এসব কথা বলেন তিনি।
\r\nসাইফুল হক বলেন, \"চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রধান লাইফলাইন। এই বন্দর শুধু অর্থনীতির সঙ্গে নয়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।\" তিনি আরও বলেন, \"অভিজ্ঞতা ও দক্ষতার কথা বলে এই স্পর্শকাতর বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।\"
\r\nবিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা অভিযোগ করেন, সরকার নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনএমসিটি) আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও জাতীয় স্বার্থবিরোধী।
\r\nতিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত ১৭ বছর ধরে লাভজনকভাবে পরিচালিত হচ্ছে এনএমসিটি। ইতিমধ্যে এখানে সর্বাধুনিক গ্যান্ট্রি ক্রেনসহ নানা প্রযুক্তি যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরও আধুনিক প্রযুক্তি সংযোজন সম্ভব।
\r\nসভায় সাইফুল হক সরকারকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় এই ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান।
\r\nসভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক উপস্থিত ছিলেন।





