বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে। হত্যার এই নৃশংস ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


\r\n

পুলিশ জানায়, ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়—রাত আনুমানিক আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় ইকবালের মাথায় বারবার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ঘটে যায় হত্যাকাণ্ডটি। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।


\r\n

ঘটনার পরপরই অভিযুক্ত রাকিবুল ইসলাম রতন (২৬) পালিয়ে যায়। তবে পরদিন রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রতনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।


\r\n

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। সে জানায়, পেট্রোল পাম্প থেকে তেল চুরির মিথ্যা অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছিল—এই অপমানের প্রতিশোধ নিতেই ইকবালকে হত্যা করেছে সে।


\r\n

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।