ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ইসরায়েলি বাহিনীর নির্যাতনের অভিযোগ উঠেছে। মুক্তি পাওয়ার পর তুরস্কে ফেরত আসা কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী জানিয়েছেন, থুনবার্গকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে ১৩৭ জনকে শনিবার ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক, বাকিরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া ও জর্ডানের নাগরিক।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া তুরস্কের সাংবাদিক এরসিন সেলিক জানান, ইসরায়েলি বাহিনী থুনবার্গকে মাটিতে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং তাঁকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করে। একই তথ্য দেন মালয়েশিয়ার অধিকারকর্মী হাজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইন্ডফিল্ড বিবার। তাঁদের ভাষ্যমতে, থুনবার্গকে ধাক্কা দিয়ে তাঁর গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়।
হাজওয়ানি হেলমি বলেন, “এটা ছিল এক ভয়ংকর অভিজ্ঞতা। ওরা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। আটক অবস্থায় খাবার, পানি বা ওষুধ কিছুই দেওয়া হয়নি।”
উইন্ডফিল্ড বিবার বলেন, “আমাদের তিন দিন ধরে খাবার বা পানি দেওয়া হয়নি। গরমে আমরা রীতিমতো পুড়ছিলাম। টয়লেটের পানি খেতে হয়েছে।”
তুরস্কের টেলিভিশন উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, “আমরা বুঝতে পেরেছি, গাজাবাসীর সঙ্গে আসলে কী ঘটছে। আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ছিল অমানবিক।”
ইতালির সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনোও থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “২২ বছর বয়সী গ্রেটাকে অপমান করা হয়েছে। তাঁর গায়ে পতাকা মুড়িয়ে তাঁকে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে।”
তুরস্কের অধিকারকর্মী আয়চিন কানতুগলু জানান, ইসরায়েলি বন্দিশালায় রক্তমাখা দেয়ালে আগের বন্দিদের লেখা দেখা গেছে। “আমরা দেখেছি, মায়েরা নিজেদের সন্তানের নাম দেয়ালে লিখে গেছেন,” বলেন তিনি।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ জানায়, আটক অধিকারকর্মীদের হাত বেঁধে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল। তাঁদের খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়নি এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগও বন্ধ রাখা হয়।
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে।





