চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শহরকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এই কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে অভিযান শুরু হয়ে নিমতলা মোড় পর্যন্ত চলে। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি বুলবুল বলেন, পরিচ্ছন্নতা কেবল নাগরিক দায়িত্ব নয়, এটি ধর্মীয় মূল্যবোধের সঙ্গেও সম্পর্কিত। শহরকে বাসযোগ্য ও পরিষ্কার রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজের বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আমীর আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর গোলাম রাব্বানীসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে চাঁপাইনবাবগঞ্জ একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে।





