জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র বাসার ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী অভিযোগ করেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বাসায় ফিরে চুরির বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মেহেদী হাসান (৩৭) সোনালী ব্যাংক পাঁচবিবি শাখার একজন কর্মকর্তা। তিনি পৌরসভার সরকারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত প্রয়োজনে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে যান। শনিবার সকালে বাড়িওয়ালা ফোন করে জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পাওয়ার বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত বাসায় ফিরে গিয়ে তিনি দেখেন, ঘরের আসবাবপত্র এলোমেলো, আলমারি ও বাক্সের তালা ভাঙা।
মেহেদী হাসান জানান, চোরেরা জানালার গ্রিল কেটে বাসার ভেতরে ঢুকে ড্রয়ার ও বাক্স ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২১ হাজার টাকা নিয়ে গেছে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলমান রয়েছে।