প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তিনি শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করবেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের ব্লেম বা অপবাদ নিতে রাজি নই। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরণের প্রচেষ্টা চালাবো।”
তিনি আরও জানান, এর আগে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে আগারগাঁওয়ে এসেছিল। সিইসি বলেন, “এটি একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন এবং রমজানের আগে ভোটগ্রহণের কথা উল্লেখ করেছিলেন। তাই নির্বাচন কমিশন প্রস্তুতি জোরদার করেছে, যদিও কাজ আগেই শুরু হয়েছিল।”
নাসির উদ্দিন জানান, নানা ধরনের টানাপোড়েনের কারণে সময়সূচি চূড়ান্ত করতে কিছুটা সময় লেগেছে। তবে পর্যাপ্ত প্রস্তুতির অভাবের অভিযোগ যেন না আসে, সে কারণে আগে থেকেই সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিইসি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেবে এবং শেষ পর্যন্ত একটি সমঝোতা হবে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন। আমি বিশ্বাস করি সমঝোতা সম্ভব।”
মার্কিন প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গুজব বা ষড়যন্ত্রের বিষয়ে আমরা কানে নেই। নির্বাচন বাতিলের ক্ষমতা আমাদের কাছে আছে। সরকারি সহায়তা ছাড়া ভোট সম্পন্ন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং বাজেটসহ সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হবে এবং আইটি সাপোর্ট সহ পোস্টাল ব্যালটের ব্যবস্থাও থাকবে। সিইসি দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে সুন্দর একটি নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।





