গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে অসহায় ও হতদরিদ্র মানুষের সরকারি ভাতার অর্থ আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ হ্যাকার চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযানে চক্রটির চার সক্রিয় সদস্যকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের গোপন তথ্য সংগ্রহ করে ভাতা ও আর্থিক সহায়তার টাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এ হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, “অসহায় মানুষের ভাতার টাকা আত্মসাৎ একটি জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ আরও জানায়, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের ব্যবহৃত প্রযুক্তি ও অর্থ লেনদেনের মাধ্যম সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।