গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদ এবং রাত সাড়ে ১০টার দিকে কোটালীপাড়া থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, রাতের এই ককটেল হামলায় কোটালীপাড়া থানার কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হন। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, “আহত পুলিশ সদস্যদের শরীরে স্প্লিন্টারের আঘাত রয়েছে। তবে তাঁরা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ ঘটনার ঠিক কয়েক ঘণ্টার পরই ককটেল হামলার ঘটনা ঘটেছে।





