গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে প্রথম হামলার মূল হোতা, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।


\r\n

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের বটতলা এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার নওশের আলী শেখের ছেলে। গ্রেপ্তার এড়াতে তিনি শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন।


\r\n

পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ, ইউএনও ও এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি স্থাপনায় কয়েক দফায় হামলা চালায়। ওইদিন এনসিপির সমাবেশস্থলে পৌঁছানোর আগ মুহূর্তে মঞ্চে হামলা এবং চেয়ার ভাঙচুরের নেতৃত্ব দেন এস এম দ্বীন ইসলাম। ঘটনার পর পুলিশ তাকে মামলায় আসামি করে এবং তিনি নিজ বাড়ি ছেড়ে বটতলায় আত্মগোপনে ছিলেন।


\r\n

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পদযাত্রার সময় সংঘটিত সহিংসতার ঘটনায় করা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী দ্বীন ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হচ্ছে।


গোপালগঞ্জ প্রতিনিধি