দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা কর্মসূচি শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখে সরাসরি গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে যাবেন। তাকে কেন্দ্র করে বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় গুলশানের বাসভবনের সামনে সরেজমিনে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, নিরাপত্তাজনিত কারণে বাসভবনের আশপাশের সব সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল থেকেই এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান লক্ষ্য করা যায়। বাসভবনের প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। তল্লাশি শেষে প্রয়োজনীয় ও অনুমোদিত ব্যক্তিদেরই এলাকায় প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
নিরাপত্তা জোরদারের ফলে সাধারণ যানবাহন ও পথচারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হচ্ছে।
এদিকে তারেক রহমানের বাসভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অপেক্ষা করতে দেখা গেছে।





