গুমের সঙ্গে জড়িতদের বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন একটি আইন করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। এমনকি ট্রাইব্যুনালে ১২০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত আইনের এ খসড়া আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে। অনুমোদন পেলে এ বিষয়ে অধ্যাদেশ জারি করবেন রাষ্ট্রপতি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, প্রস্তাবিত আইনের খসড়া আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এজেন্ডাভুক্ত করা হয়েছে। ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ নামের বিধানে বলা হয়, গুম, বলপূর্বক অপহরণ, গোপন আটককেন্দ্র স্থাপন করে বন্দি রাখার মতো অপরাধের বিচারে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ কোটি টাকা জরিমানা করা হবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে গুমের বিচার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গুমের বিচার নিশ্চিত করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। 

গুম অপরাধের সাজা

খসড়া আইনের ৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য নিজের পরিচয়ের প্রভাব দেখিয়ে নিজে অথবা আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন, সমর্থন বা মৌন সম্মতির ক্ষমতাবলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক, অপহরণ অথবা অন্য যে কোনোভাবে কোনো ব্যক্তির স্বাধীনতা হরণ করলে এই আইনের বিধান অনুযায়ী তার বা তাদের সাজা হবে।

পাশাপাশি গ্রেপ্তার, আটক, অপহরণ বা স্বাধীনতা হরণের শিকার ব্যক্তির বিষয়টি অস্বীকার করে অথবা ওই ব্যক্তির অবস্থান, অবস্থা বা পরিণতি গোপন রাখা হয় এবং ওই ব্যক্তিকে আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত করা হয়, তাহলে সেটাও এই আইনের আওতায় শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

গুমের শাস্তির বিষয়ে আইনের এই ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ গুম-এর অপরাধ সংঘটন করিলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক ১০ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।’

এই আইনে সর্বোচ্চ শাস্তির বিষয়ে বলা হয়েছে, ‘যদি গুমের কারণে ভুক্তভোগীর মৃত্যু ঘটে বা গুম হওয়া ব্যক্তির লাশ পাওয়া যায় অথবা গুমের ঘটনার সাত বছর অতিক্রান্ত হওয়ার পরও তাকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে উক্ত অপরাধের জন্য দায়ী ব্যক্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা অন্য কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ওই দণ্ডের অতিরিক্ত অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।

নথি ও তথ্য গোপনের শাস্তির বিধানের বিষয়ে আইনে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যদি সজ্ঞানে গুমের সাক্ষ্যপ্রমাণ বিনষ্ট, গোপন, বিকৃত বা পরিবর্তন করেন, তাহলে তিনি অনধিক সাত বছরের কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অনধিক ২০ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।’

আইনের এ ধারায় আরো বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যদি কোনো প্রকারের গোপন বা নিয়ম-বহির্ভূত আটক-কেন্দ্র নির্মাণ, স্থাপন বা ব্যবহার করেন, তিনি অনধিক সাত বছর কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত ২০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।’

যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তার অজুহাতেও আটক করা যাবে না

আইনের খসড়ার ৬ নম্বর ধারায় বলা হয়েছে, ‘এই অধ্যাদেশের অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধ যুদ্ধাবস্থা, যুদ্ধের হুমকি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা অথবা যে কোনো জরুরি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অথবা সরকারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ মোতাবেক করা হয়েছে এমন অজুহাত গ্রহণযোগ্য হবে না।

স্বাধীন কমিশনের হাতে থাকছে বিপুল ক্ষমতা

আইনের ৭ নম্বর ধারায় একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। এ কমিশনের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলির বিষয়ে এতে বলা হয়েছে, গুমসংক্রান্ত তথ্য বা অভিযোগ গ্রহণ করতে পারবে কমিশন। এছাড়া গুমের অনুসন্ধান ও তদন্ত পরিচালনা বা ক্ষেত্রমতো তত্ত্বাবধান করা, বিভিন্ন আইনে আটক সম্পর্কিত রক্ষাকবচগুলোর প্রতিপালন পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণও করতে পারবে এ কমিশন। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন কোনো কারাগার, হাজতখানা ও আটক-কেন্দ্রসহ যে কোনো স্থান ও স্থাপনা সরেজমিন পরিদর্শন করার ক্ষমতা থাকবে এ কমিশনের।

আইনে এ বিষয়ে আরো বলা হয়েছে, ‘গোপন আটক-কেন্দ্র শনাক্ত করার উদ্দেশ্যে যে কোনো স্থাপনা পরিদর্শন করা, গোপন আটক-কেন্দ্র শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া, গুমসংক্রান্ত অভিযোগের অনুসন্ধান বা তদন্ত পরিচালনার স্বার্থে যে কোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করা, কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কাছ থেকে দলিলাদি বা তথ্য সংগ্রহ করা, গুম প্রতিরোধ ও দমনের উদ্দেশ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করা, দেশের বিভিন্ন থানা ও কমিশনে দায়ের করা গুমসংক্রান্ত সব অভিযোগের তথ্য রেজিস্টার আকারে সংরক্ষণের ব্যবস্থা করা, গুম হওয়া ব্যক্তি কিংবা তার পরিবারের কাছ থেকে গুমসংক্রান্ত ঘটনার বর্ণনা গ্রহণ ও লিপিবদ্ধ করা, উপযুক্ত আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় যে কোনো আইনগত পদক্ষেপ নিতে পারবে এ কমিশন।

তদন্ত দল ও তদন্তকারীর ক্ষমতা

প্রস্তাবিত আইনের ৮ নম্বর ধারায় বলা হয়েছে, এ আইনের অধীনে অপরাধের তদন্ত কমিশনের মাধ্যমে বা কমিশনের তত্ত্বাবধানে হবে। এ জন্য এ আইনের আওতায় একটি স্বাধীন তদন্ত দল থাকবে এবং কমিশন ওই তদন্ত দলে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করতে পারবে। এ আইনের অধীন অপরাধের তদন্তের জন্য কমিশন পুলিশের সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নন এমন কোনো কর্মকর্তাকে কিংবা কমিশনের বিবেচনায় উপযুক্ত অন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তদন্তের ক্ষমতা দিতে পারবে।

আসামি গ্রেপ্তারের বিষয়ে আইনে বলা হয়েছে, ক্ষমতা পাওয়া তদন্তকারী কর্মকর্তার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার, সরকার বা সরকারের অধীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা বা শৃঙ্খলা বাহিনীর যে কোনো পর্যায়ের কর্তৃপক্ষ থেকে প্রতিবেদন বা তথ্য-প্রমাণ তলবসহ থানার অফিসার ইনচার্জের যাবতীয় ক্ষমতা থাকবে এবং যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করতে বাধ্য থাকবে। অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারী হলে তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা কমিশনের পূর্বানুমতি নিতে হবে এবং এক্ষেত্রে সরকার বা ওই সরকারি কর্মচারীর নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন হবে না।

গুমের বিচারে প্রতি জেলায় হবে ট্রাইব্যুনাল

আইনের অধীনে গুমের ঘটনার বিচারের জন্য অপরাধ আমলে নেওয়া ও বিচারের জন্য দেশের সব বিভাগ বা জেলায় এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকবে। এটি গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা ট্রাইব্যুনাল নামে অভিহিত হবে। এ ট্রাইব্যুনাল এই অধ্যাদেশের অধীন অপরাধের বিচার এবং ২০০৩ সালের বিশেষ আদালত আইনের আওতায় স্থানান্তরিত হওয়া মামলারও বিচার করতে পারবে।

বিচার হবে ১২০ দিনে, মিথ্যা অভিযোগেও শাস্তি থাকছে

এ আইনের অধীন অপরাধের বিচার অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারককে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের কাছে পাঠাতে হবে, যার একটি অনুলিপি সরকারের কাছে পাঠাতে হবে এবং ওই ব্যাখ্যা বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে বা প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে।

আইনের খসড়ায় আরো বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি বা অন্য আইনে যা কিছু থাকুক না কেন, এই অধ্যাদেশের অধীন অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনাল কর্তৃক সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নেওয়ার আবশ্যকতা প্রযোজ্য হবে না। এ ট্রাইব্যুনালে চূড়ান্তভাবে দণ্ডিত আসামি ৬০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন।

যা বলছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

গুমের বিচার ও সরকারের উদ্যোগের বিষয়ে তিনটি প্রশ্ন ছিল আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের কাছে। জবাবে আমার দেশকে তিনি বলেন, ‘গুমের বিচার নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। সরকার দায়িত্ব নেওয়ার ২১ দিনের মাথায় ২৯ আগস্ট আন্তর্জাতিক গুম কনভেনশনে স্বাক্ষর করে এর অংশীদার হয়েছে। বিগত আমলে গুমের যত ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্তের জন্য আমরা সরকার গঠনের পরপরই গুম ইনকোয়ারি কমিশন গঠন করেছি। 

গুম কমিশন এবং ব্লাস্টসহ কয়েকটি সংগঠন ও সংস্থা গুমের বিচারে আইন প্রণয়নসহ কিছু সুপারিশ করেছে। আইন মন্ত্রণালয়ও সেমিনারের মাধ্যমে মতামত নিয়েছে। সরকার নতুন আইনের বিষয়ে কী উদ্যোগ নিয়েছে এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে তার বিচারের জন্য আমরা আইন মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছি।