এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, শুধু বক্তব্য দেওয়া আর ভোট চাওয়াই যথেষ্ট নয়, গুম হয়ে যাওয়া ব্যক্তিদের বিচারের সুনির্দিষ্ট রূপরেখাও দিতে হবে।


শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এ সময় মির্জা ফখরুলও মঞ্চে উপস্থিত ছিলেন।


ফুয়াদ বলেন, “আমরা বিএনপির কাছ থেকে পরিষ্কার ম্যানিফেস্টো চাই। ক্ষমতায় গেলে ‘মায়ের ডাক’-এর পরিবার, গুম হওয়া পরিবারের সদস্য এবং অপরাধীদের বিচারের জন্য আপনারা কী করবেন? শুধু বক্তব্য দিয়ে কিংবা ভোট চেয়ে নয়, একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করতে হবে।”


তিনি বিএনপিকে আহ্বান জানিয়ে বলেন, বিশেষজ্ঞ ও ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে বসে এখনই গুম-খুনের বিচারের রোডম্যাপ ঘোষণা করুন। যাতে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কার্যক্রম শুরু করা যায়। আগামী বছর যেন ভুক্তভোগী পরিবারগুলোকে বিচারের দাবিতে আবারও রাস্তায় নামতে না হয়।


অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “যাদের গুম-খুনের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই পরিবারগুলোর কান্না শোনার জন্য গণশুনানির আয়োজন করুন। অপরাধীদের বিচারের ব্যবস্থা করুন। পাশাপাশি গুম পরিবারের বক্তব্য শোনার ভিত্তিতে বিচার কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ ইউনিট গঠন করা জরুরি।”