নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বসতবাড়ির মাটির নিচ থেকে বিশালাকার প্রাচীন মটকা উদ্ধার হয়েছে। মটকাটির ভেতরে গুপ্তধন থাকতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় শত শত মানুষ তা দেখতে ভিড় করেছেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে নির্মাণকাজের সময় মাটি খননের একপর্যায়ে মটকাটি বেরিয়ে আসে। পরে বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটির বেশ গভীরে অক্ষত অবস্থায় পাওয়া এই পাত্রটি স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। অতীতে মূল্যবান জিনিস সংরক্ষণের জন্য এ ধরনের মটকা ব্যবহৃত হতো, তাই দ্রুত গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়েছে।

ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ জানান, মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সোনারগাঁয়ের পানাম সিটি দায়িত্বে থাকা কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, মটকাটি সম্ভবত শত বছরের পুরনো এবং অতীতে পানি বা ধান-চাল সংরক্ষণে ব্যবহার হতো। এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রক্রিয়া শেষে মটকাটি অধিদপ্তরের সংগ্রহে সংরক্ষণ করা হবে।