ভারতের গুজরাট রাজ্যে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। এসব ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন বলে অভিযোগ।
\r\nশনিবার (২৬ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়া পিটিআইয়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি সুরাট থেকে আটক করা হয়েছে। সেখানে ১০০ জনেরও বেশি বাংলাদেশিকে সনাক্ত করা হয়।
\r\nগুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট ও স্থানীয় থানার সহযোগিতায় রাজ্যের বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান চালানো হয়। আহমেদাবাদ শহরে চালানো অভিযানে ৪৫০ জনেরও বেশি সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
\r\nগুজরাটের ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, “সুরাটে ৫৫০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।”
\r\nতিনি আরও বলেন, আটককৃতদের অনেকেই জাল নথিপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন।
\r\nআহমেদাবাদে অভিযান শুরু হয় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে। অর্থনৈতিক অপরাধ শাখা, জোন ৬ পুলিশসহ একাধিক টিম এতে অংশ নেয়। ডিসিপি অজিত রাজিয়ান জানান, শুধুমাত্র চান্দোলা এলাকা থেকেই ৪০০ জনের বেশি বাংলাদেশিকে আটক করা হয়।
\r\nযুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার ও মহাপুলিশ পরিদর্শকের নির্দেশেই এই অভিযান পরিচালিত হয়েছে।
\r\nতিনি বলেন, চলতি বছরের এপ্রিল মাসেই এ-সংক্রান্ত দুটি এফআইআর দায়ের করা হয়েছিল, যার ভিত্তিতে ইতিমধ্যেই ১২৭ জন বাংলাদেশিকে গ্রেফতার ও ৭৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।





