গাজীপুর মহানগরের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রানী ফ্যাশন গ্যালারির মালিক রানী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে হৃদয়ও ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, রানী স্বামী পরিত্যক্তা ছিলেন এবং কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সঙ্গে রানীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক (২২) ছুরি নিয়ে রানীর ওপর হামলা চালান। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে হৃদয়কেও ছুরিকাঘাত করা হয়।


মা ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় ও রাজনৈতিক সূত্র জানায়, অভিযুক্ত আশিক গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন বলেন, “আশিক আমাদের সঙ্গে ছাত্র রাজনীতি করত এবং সে পূর্ব কমিটির ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।”

ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।