গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় উভয় দলের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামায়াতের তিনজন ও বিএনপির দুজন কর্মী রয়েছেন।
\r\nস্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি মিছিল সালদৈ বাজারে বিএনপির কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বক্তব্য দিতে শুরু করলে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
\r\nগাজীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান অভিযোগ করে বলেন, জামায়াতের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় তাদের দুই কর্মীকে মারধর করা হয়। আহতদের একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
\r\nঅন্যদিকে গাজীপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী সালাহউদ্দিন আইউবী বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতের তিনজন কর্মী আহত হন।
\r\nতিনি আরও জানান, জামায়াতের কেন্দ্রীয় মজলিস সদস্য মাওলানা শেফাউল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে নেতাকর্মীদের এলাকা ছাড়তে বলা হয়।
\r\nএ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।





