গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার স্বামীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। দম্পতির ১৬ বছর বয়সী মেয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

নিহত নারীর নাম রহিমা বেগম (৩৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোয়াটি গ্রামের শাজাহান সরকারের মেয়ে। তার স্বামী ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ইমরান হোসেন ও রহিমা বেগম তাঁদের মেয়েকে নিয়ে নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন। ইমরান এলাকায় মাংস বিক্রির কাজ করতেন, স্ত্রী ঘর সামলাতেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “দম্পতির মেয়ে বন্ধুদের সঙ্গে টিকটক করে । সে জানিয়েছে, তার বাবা প্রথমে মাকে হত্যা করেন এবং পরে নিজেই নিজের গলা কাটেন। এটি সে নিজের চোখে দেখেছে। তবে তার কথাকে আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করছি না। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে।”

ওসি আরও জানান, রহিমা বেগমের লাশ শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।