গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ২টার দিকে কয়েকজন হামলাকারী ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করেন। তাদের হামলার সময় তিনটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের মধ্যে একটি ব্যাংকের সীমানার মধ্যে পড়ে এবং বাইরের সাইনবোর্ডের আংশিক ক্ষতি হয়।
গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতরে ছিলেন। রাত ২টায় কয়েকজন প্রধান ফটক খোলার চেষ্টা শুরু করলে হঠাৎ বিকট শব্দ হয়। নিরাপত্তাপ্রহরী দেখতে পান ৭–৮ জন হামলাকারী দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এর পরে তিনটি বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং চারপাশে পেট্রলের গন্ধ ছড়িয়ে পড়ে।
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, “ব্যাংকের ভিতরে কোনো ক্ষতি হয়নি, তবে বাইরের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি এবং তারা আপাতত থানায় সাধারণ ডায়ারি করার পরামর্শ দিয়েছেন।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, “পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। ঘটনাস্থলে পেট্রলবোমার বোতল পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





