বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে অসংক্রামক রোগ (NCDs) প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন প্রচার বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিডিআরসিএস স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহানা জাফর, এবং সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। সভায় সিভিল সার্জন কার্যালয়সহ প্রায় ১৪টি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যখাতের অংশীদার সংস্থা অংশগ্রহণ করে।

সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে অসংক্রামক রোগ সবচেয়ে বড় জনস্বাস্থ্য হুমকি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ও ক্যান্সার—এই পাঁচটি রোগ দেশের মোট মৃত্যুর প্রায় ৬৭ শতাংশের জন্য দায়ী এবং অকাল মৃত্যুর ৮২ শতাংশ ঘটায়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা এখন সময়ের দাবি।

সভায় বিডিআরসিএস-এর পক্ষ থেকে গাজীপুরে চলমান অসংক্রামক রোগবিষয়ক কার্যক্রম উপস্থাপন করা হয়। ২০২২ সালের শুরুর দিকে সংস্থাটি জেলার দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে সুস্থ জীবনযাপন প্রচার এবং এনসিডি প্রতিরোধে বিশেষ স্বাস্থ্য উদ্যোগ গ্রহণ করে।

বিডিআরসিএস স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহানা জাফর বলেন, “অসংক্রামক রোগের বোঝা কমাতে সরকারি-বেসরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি। গাজীপুরে আমাদের অভিজ্ঞতা দেখিয়েছে—সচেতনতা, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এনসিডি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সভায় আলোচনার মূল উদ্দেশ্য ছিল—গাজীপুরে বিডিআরসিএস পরিচালিত এনসিডি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, জনগণের সচেতনতা বৃদ্ধি, সেবায় বিদ্যমান ঘাটতি চিহ্নিত করা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ।

উল্লেখ্য, ১৯৭৩ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, স্বাস্থ্যঝুঁকি ও জনস্বাস্থ্য সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নেতৃত্বমূলক ভূমিকা রাখার পর বর্তমানে সংস্থাটি সারাদেশে টাইফয়েড টিকাদান কার্যক্রমে সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।