মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে এবং এলাকাটিকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। ইসরায়েল ও হামাস গাজা শান্তিচুক্তির প্রথম পর্যায়ে সম্মত হওয়ার পর তিনি এ ঘোষণা দেন। খবর এএফপি’র।
চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েক ঘণ্টা পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা তাদের আলোচনাকে সফল করতে এবং অঞ্চলটিকে শান্তিপূর্ণ রাখতে সহায়তা করব।” তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে “ইসরায়েলের জন্য একটি মহান দিন” বলে উল্লেখ করেছেন। চুক্তি অনুমোদনের জন্য তিনি বৃহস্পতিবার তার মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন।
অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে হামাস।
চুক্তি স্বাক্ষরের খবর ছড়িয়ে পড়লে গাজা ও ইসরায়েল উভয় জায়গায় আনন্দ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজার বাসিন্দারা যুদ্ধবিরতির খবরে রাস্তায় নেমে উদযাপন করছেন।





